বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

কাতারের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

প্রতিবেদক
MD SOLAIMAN
মার্চ ৫, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বুধবার জানিয়েছে যে, তাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রয়েছে এবং এর অংশ হিসেবে তারা কাতারে অবস্থিত একটি কৌশলগত মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস এবং ভারত মহাসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজে আঘাত হেনেছে। খবর প্রেস টিভির।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে কিছু উপগ্রহ ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে কাতারের আল উদেদ সামরিক ঘাঁটিতে অবস্থিত একটি অত্যাধুনিক কৌশলগত রাডার ধ্বংসের দৃশ্য দেখা গেছে।

বিবৃতিতে আইআরজিসি জানায়, কাতারে অবস্থিত রাডারটি একটি বিস্তৃত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশ ছিল, যা বুধবার স্থানীয় সময় ভোর পৌনে চারটায় পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্যমতে, রাডারটির উত্তর অংশ আগের দিনগুলোতেও ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে সেটি সচল ছিল। আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ অভিযানের পর এটি এখন সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। এর আগে সংস্থাটি সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে অবস্থিত দুটি ‘থাড’ রাডার সিস্টেমকেও লক্ষ্যবস্তু করেছিল।

আলাদা এক ঘোষণায় আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী ভারত মহাসাগরে ইরান উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজে হামলা চালিয়েছে। জাহাজটি তখন একটি মার্কিন সরবরাহকারী নৌযান থেকে জ্বালানি সংগ্রহ করছিল।

বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে কদর-৩৮০ এবং তালাইয়িহ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই জাহাজটিতে আঘাত হানা হয়। আইআরজিসির দাবি, এই হামলায় দুটি জাহাজের ডেকজুড়ে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার ধোঁয়ায় সমুদ্রের আকাশ কালো হয়ে যায়।

অন্য এক বিবৃতিতে আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক কর্মকাণ্ডের পরিণাম হবে অত্র এলাকার সব সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর পতন। তারা আরও দাবি করেছে, আমেরিকার মিত্র দেশগুলো এখন মরিয়া হয়ে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুঁজছে।

পারস্য উপসাগরীয় দেশগুলোর বেসামরিক স্থাপনাগুলোকে যুক্তরাষ্ট্র তাদের হামলার ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও আইআরজিসি সতর্ক করেছে। তারা জানিয়েছে, এ ধরনের সব কর্মকাণ্ড তাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

সর্বশেষ - অন্যান্য